কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হলেও এখন কিছুটা স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মাঝে। ম্যাচের শেষ দিকে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়ার সেই দৃশ্য উদ্বেগ বাড়ালেও সামনে বড় লড়াইয়ে তাঁকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বলই থাকছে।
জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের একেবারে শেষ সময়ে, ৮৮ মিনিটে বক্সে ঢোকার সময় ডিফেন্ডার ভিতোর রেইসের কনুইয়ের আঘাতে চোট পান এমবাপ্পে। সংঘর্ষটা এতটাই তীব্র ছিল যে মাঠ ছাড়ার সময় তার ডান ভ্রু বেয়ে রক্ত ঝরতে দেখা যায়। গ্যালারিতে তখন ছড়িয়ে পড়ে দুশ্চিন্তা আর উৎকণ্ঠা।
তবে পরে ধীরে ধীরে পরিস্থিতি পরিষ্কার হতে শুরু করে। ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক মারিও কোর্টেহানার তথ্য অনুযায়ী, এই চোট গুরুতর নয়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে বড় কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে।
রিয়াল মাদ্রিদও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এমবাপ্পের ডান ভ্রুতে কয়েকটি সেলাই দিতে হয়েছে। আপাতত ব্যথা কমানোর জন্য এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে অনুশীলনের বাইরে রাখা হয়েছে। তবে বড় কোনো জটিলতার ইঙ্গিত নেই।
চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকায় এখন আলিয়াঞ্জ অ্যারেনায় ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ রিয়ালের সামনে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের মতো ম্যাচউইনারের উপস্থিতি যে কতটা জরুরি, তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে ম্যাচে তার আঘাতের দৃশ্য সরাসরি সম্প্রচারে না দেখানো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার অভিযোগ তুললেও লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এটি কোনো সেন্সরশিপ নয়’; বরং ক্যামেরার সীমাবদ্ধতার কারণেই মুহূর্তটি ধরা পড়েনি।’