জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুসারে যোগদানের দিন থেকে তাকে সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নিয়োগের মেয়াদ হবে দুই বছর।
তবে সরকার প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে। একই সঙ্গে তিনি চাইলে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন হবে অবৈতনিক।
উল্লেখ্য, আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী।