বিশ্বকাপ বাছাইপর্ব থেকে হতাশাজনক বিদায়! এই বাস্তবতা এখনো তাজা চার বারের চ্যাম্পিয়ন ইতালির জন্য। কিন্তু ফুটবল যেমন অনিশ্চয়তার খেলা, তেমনি হঠাৎ করেই খুলে যেতে পারে নতুন দরজা। এবারও তেমনই এক সম্ভাবনার গুঞ্জনে সরগরম ফুটবল বিশ্ব।
নতুন করে আলোচনা শুরু হয়েছে ফিফার এক বিশেষ পরিকল্পনা ঘিরে। জরুরি ভিত্তিতে একটি প্লে-অফ মিনি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা চলছে, যেখানে ইউরোপ থেকে দুটি এবং এশিয়া থেকে দুটি দল অংশ নিতে পারে। উদ্দেশ্য একটাই, বিশ্বকাপে তৈরি হওয়া একটি সম্ভাব্য শূন্যস্থান পূরণ করা।
এই পুরো পরিস্থিতির কেন্দ্রে রয়েছে ইরান। বিভিন্ন জটিলতার কারণে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে, এমন আশঙ্কাই এখন বড় আলোচনার বিষয়। আর সেই সম্ভাবনাকে মাথায় রেখেই বিকল্প ব্যবস্থা হিসেবে ফিফা এগোচ্ছে বলে জানা গেছে। যদি ইরান সত্যিই অংশ নিতে না পারে, তাহলে বাছাইপর্বে বাদ পড়া অথচ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে নিয়ে আয়োজন করা হবে এই প্লে-অফ। আর সেখানে সবচেয়ে আলোচিত নাম ইতালি।
চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য তাই আবারও জেগে উঠছে স্বপ্ন। বিশ্বমঞ্চে ফেরার সম্ভাবনা হয়তো এখনো অনিশ্চিত, কিন্তু আশার আলোটা নিভে যায়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ইরানকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সম্ভাবনা বর্তমানে প্রায় ১৫ শতাংশ। সংখ্যাটা ছোট হলেও এর প্রভাব বিশাল; কারণ প্রতিটি দিনই এই আলোচনা আরও জোরালো করে তুলছে। ফিফার ভেতরেও নাকি চলছে টানটান আলোচনা।
ফিফা চাইছে, যদি কোনো দলকে বদলি হিসেবে নেওয়া হয়, তাহলে পুরো প্রক্রিয়াটি যেন থাকে স্বচ্ছ এবং ন্যায্য। আর সেই কারণেই আন্তঃমহাদেশীয় প্লে-অফ আয়োজনকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ইতালিকে ঘিরে আরেকটি চমকও ভাসছে বাতাসে। বিশ্বকাপে সুযোগ মিললে দলটির কোচিং পজিশনে দেখা যেতে পারে নতুন কোনো চমকপ্রদ নাম।