পরিবেশের যত্ন নিতে, যেখানে–সেখানে ময়লা–আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ ব্জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে তারেক রহমান এই আহ্বান জানান।
দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ-জলবায়ুর যেসব সমস্যার মুখোমুখি বাংলাদেশ, তার সমাধানে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারের পরিকল্পনা হলো, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।’
রোপণ করা গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রোপণ করা গাছ বড় হলে পরিবেশগত উপকারিতাসহ অন্যান্য সুফল সবাই পাবে। দেশ সবার, তাই দেশের যত্ন সবার করতে হবে। দেশের পরিবেশ নষ্ট হলে দেশের ছোট-বড় সব মানুষেরই ক্ষতি।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা চেষ্টা করি, সেখানে-সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি।’
চট্টগ্রাম অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘এর আগে আবার দীর্ঘদিন হয়নি। এই কমবেশি হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আগে অনেক শীত পড়ত, এখন তেমন শীত পড়ে না।’
এর আগে, ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম সফর।