নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে দলটি। কোচ থমাস টুখেলের ম্যাচ-পরবর্তী মন্তব্যের সঙ্গে প্রকাশ্যেই দ্বিমত পোষণ করেছেন তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।
কোয়ার্টার ফাইনালের পর টুখেল জয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ জানান। তার মতে, ম্যাচে অনেক ভুল করেছে ইংল্যান্ড এবং কিছুটা ভাগ্যের সহায়তায় জয় পেয়েছে। কিন্তু কোচের এমন মূল্যায়ন মানতে নারাজ জোড়া গোল করা বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের মতে, নরওয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে কঠিন আবহাওয়ায় জয় পাওয়া মোটেও সহজ ছিল না।
সাংবাদিকদের বেলিংহাম বলেন, ‘হয়তো তিনি জানেন না, ওই পরিস্থিতিতে হলান্ড, ওডেগার্ড, নুসা ও সরলথের বিপক্ষে খেলাটা কেমন। এই দলের বিপক্ষে খেলা সহজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।’
টুখেল ও বেলিংহামের সম্পর্কের টানাপড়েন অবশ্য এবারই প্রথম নয়। প্রায় এক বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন টুখেল। সেই মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়ে পরে ক্ষমাও চাইতে হয়েছিল তাকে।
বিশ্বকাপ শুরুর আগে টুখেল আরও বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও একাদশে জায়গা নিশ্চিত নয়। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ২৩ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড়। নকআউটে মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি।
দলের খেলা নিয়ে সমালোচনা করলেও বেলিংহামের প্রশংসা করতে ভোলেননি টুখেল। ইংল্যান্ড কোচ বলেন, ‘আর কিছু বলার নেই। প্রতিটি ম্যাচেই সে এটা করে। সে বিশ্বমানের খেলোয়াড়।’
আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে আর্জেন্টিনার । মাঠের লড়াইয়ের আগে কোচ ও দলের সবচেয়ে বড় তারকার এই মতবিরোধ ইংল্যান্ড শিবিরে কোনো প্রভাব ফেলে কি না, সেটাই এখন চিন্তার বিষয়।