একদিনের সরকারি সফরে বরিশাল পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি বৃক্ষরোপন করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ধরে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান। এসময় তার গাড়ি বহরকে বরিশাল জেলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা। পরে তারা গাড়িবহরকে নিয়ে গৌরনদী পৌরসভার কর্মসূচিস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। গোটা সড়ক পথের দুইপাশে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা দাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।
বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান। বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।
নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।