পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ ছিল। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলসহ নানা লোকজ উপকরণ বহন করেন অংশগ্রহণকারীরা। বাঙালিয়ানার সাজে শিশুদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
পুরো শোভাযাত্রাজুড়ে দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় তৈরি হয় উৎসবের আবহ। গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন অংশগ্রহণকারীরা।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এনে বাঙালির সাংস্কৃতিক চেতনা পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
এ সময় বক্তারা এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী।