জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জুলাই গণ-গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত ও মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ সংগঠনটির আরও বেশ কয়েকজন নেতা। শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দীর্ঘদিনের গুঞ্জন ও একাধিক বৈঠকের পর এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনায়েদ ও রাফেরা। রোববার আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পারেন তারা।
আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতার পাশাপাশি মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও ২০ থেকে ৩০ জন নেতাকর্মী একই সঙ্গে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। পরে ধাপে তৃণমূল পর্যায়ে এনসিপির কমিটি বর্ধিত করে আপ বাংলাদেশের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে জুলাই আন্দোলনের শক্তিকে এক ছাতার নিচে আনতে এনসিপি সক্রিয়ভাবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।