জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে এবং তা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিবে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন নির্ধারিত দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের খাতভিত্তিক মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে, ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়ে তা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। একই সঙ্গে সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষি খাতে বড় ধরনের চাপে পড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এ অবস্থায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।