ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসনিম জারা। তিনি বলেছেন, সরাসরি ভোট ছাড়া সংসদে যেতে চান না। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
তাসনিম জারা জানান, সংরক্ষিত নারী আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দেন। সংসদে গিয়ে মানুষের স্বার্থে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব।
তিনি জানান, ঐকমত্য কমিশনে সংরক্ষিত আসনে সরাসরি ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি এবং এ বিষয়ে প্রচারণাও চালিয়েছেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর অবস্থান পরিবর্তন করা তার পক্ষে সম্ভব হয়নি।
এটি সংসদে যাওয়া বর্তমান প্রার্থীদের নিয়ে কোনো মন্তব্য নয় বলেও স্পষ্ট করেন তিনি। তাদের অনেকেই যোগ্য উল্লেখ করে সবার সফলতা কামনা করেন তাসনিম জারা।
সংরক্ষিত আসন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা সরাসরি ভোটার থাকে না। ফলে জবাবদিহিতার জায়গা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী। তাদের প্রতিনিধিত্বও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। সংরক্ষিত আসন থাকলে সেগুলোও জনগণের ভোটে নির্ধারিত হওয়া উচিত।’
উল্লেখ্য, তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। স্বল্প সময়ের প্রচারণায় ৪৪ হাজারের বেশি ভোট পাওয়ার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি। নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নেওয়ার কথাও জানান। এ সময় সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।