গণভোটের রায় অস্বীকারের দিন থেকেই বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যেদিন তারা (বিএনপি) গণভোটের রায় অস্বীকার করেছে, সেদিনই আমি বলেছিলাম বিএনপি ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে।’
তিনি বলেন, ‘গতকাল আপনারা দেখেছেন জাতীয় সংসদের নির্বাচিত সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোদ্ধা ও সহযোগীদের নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?’
তিনি আরও বলেন, ‘আপনাদের সন্তানদের পায়ের গোড়ালি দুই টুকরো করা হোক, এটা কি আপনারা চেয়েছেন? এই বাংলাদেশকে আমরা ধিক্কার জানাই। এ বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই।’
জামায়াত আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে শিশু-কিশোর, নারী ও বৃদ্ধ ঘর থেকে বের হলে বুক দুরুদুরু করে কাঁপবে না। তারা নিরাপত্তার সঙ্গে বাইরে যাবে, কাজ শেষে আবার নিরাপদে ঘরে ফিরবে।’
তিনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা, কিরিচ, কুড়াল দেখতে চাই না। আমরা খাতা-কলম দেখতে চাই। কোনো দাদাভাই বা আদুভাই শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ওপর হামলা করুক, আমরা এটি দেখতে চাই না।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মনে রাখবেন জুলাই শুধু চব্বিশ সালে ছিল না, জুলাই প্রতিবছর ছিল। জুলাই আবার ফিরে আসবে, ইনশাআল্লাহ। তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে।’
জামায়াত আমির বলেন, ‘শুভবুদ্ধির উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, ৭০ ভাগ মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আর যদি তা না করেন, আমাদের লড়াই সংসদের ভেতরেও চলবে, খোলা ময়দানেও চলবে, ইনশাআল্লাহ।’