রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি।
রোববার (১৭ মে) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে জামায়াতকে জড়িয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তা প্রমাণিত নয় এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন, যা কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি ও গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না।’ দলটি সহিংসতার রাজনীতিতেও বিশ্বাস করে না বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহারের দেওয়া বক্তব্যের সমালোচনা করে জুবায়ের বলেন, ‘কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি রাজনৈতিক দলকে দায়ী করা দুঃখজনক ও অনভিপ্রেত।’
তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই ‘যাচাই-বাছাই ছাড়া’ কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ না তোলার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে শাহ আলী মাজারের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এর আগে রোববার দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ—এগুলো বন্ধ হওয়া দরকার। কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন। এটা তো হবে না, এটা চলবে না।’
শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘সাধুগুরুভক্ত ও ওলি–আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।