ঢাকা মহানগর উত্তর শাখায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে সাংগঠনিক পরিবর্তন এনে সাদিয়া ফারজানা দিনাকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে একই পদে থাকা সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। দলীয় বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি পুনরায় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন। ফলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করা হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
তবে বহিষ্কারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম তার অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, গত বছরের জুনে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যুক্ত হলেও নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত তাকে হতাশ করে। পরবর্তীতে দলীয় কার্যক্রমে ডানপন্থীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় তিনি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং পদত্যাগপত্রও দেন। কিন্তু তা গ্রহণ না করে তাকে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। শেষ পর্যন্ত দলীয় রণনীতি ও অবস্থানের সঙ্গে মতপার্থক্য বাড়ায় তার পক্ষে দলে থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়া সাদিয়া ফারজানা দিনা এর আগে ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও যুক্ত আছেন।
উল্লেখ্য, বহিষ্কৃত নেতা সর্দার আমিরুল ইসলাম সাগর নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই। গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।