সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় হাতীবান্ধায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১৯ মে) তিনি লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে যাবেন, যেখানে সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত হন খাদিমুল ইসলাম।
জানা গেছে, সফরকালে নাসীরুদ্দীন পাটওয়ারী নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির ও রাসেল আহমেদ।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় তিনি হাতীবান্ধায় পৌঁছাবেন। এরপর সকাল ১১টায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। সাড়ে ১১টায় আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টায় কবর জিয়ারত করবেন। পরে দুপুর ১টায় হাতীবান্ধা প্রেসক্লাবে একটি প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্তে সাম্প্রতিক হত্যাকাণ্ড, মানবাধিকার পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে তিনি বক্তব্য দিতে পারেন।