ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, সারাদেশে স্থানীয় নির্বাচনে আমরা একক ভাবে অংশগ্রহণ করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
চরমোনাই পীর বলেন, কেবল এমপি ও মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই অটল-অবিচল থাকবো। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিজেপি যা করছে তা কোন সভ্য রাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।