কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও স্বজনদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার (৩ জুন) এক বিবৃতিতে বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে গত ১ জুন বিকেলে একজন সংসদ সদস্যের পরিবারের ওপর অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করেন, হামলায় একটি দৈনিক পত্রিকার জীবননগর প্রতিনিধি ও সংসদ সদস্যের শ্যালক আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও গালিগালাজ করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রকাশ্যে দিবালোকে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি এ হামলা চালিয়ে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা করেছে। একজন জনপ্রতিনিধির পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়।
এ ছাড়া হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান মোস্তাক, শাহরিয়ার, রিমনসহ সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান এ জামায়াত নেতা। সেই সঙ্গে বিবৃতিতে তিনি হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।