প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ২০২৬ রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ হলরুমে শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মো. মনিরুল ইসলাম (মনির) চেয়ারম্যান এবং আমানতউল্লাহ আমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে কো-চেয়ারম্যান হিসেবে কাজী আদনান তাজীম, ভাইস চেয়ারম্যান হিসেবে আনিসুর রহমান, হারুন আল রশীদ খান, মো. আরব আলী ও হাবিব নির্বাচিত হন।
এছাড়া যুগ্ম মহাসচিব পদে ফরহাদ রেজা, মো. হেদায়েত উল্লাহ জামালী, ইসরাত জাহান বিথী ও মো. খালেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মো. জুয়েল আকন এবং আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট বজলুর রহমান দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. সামছুল আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি ডা. এম এ সামাদ, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান নুরে আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।
সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।