গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। সেই সঙ্গে একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জোটটি।
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২২ জুন) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, গণহত্যার বিচার প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিরোধীদলের নেতাকর্মীদের ওপর হামলা বেড়েছে।
এ ছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী দেশ সীমান্তে অস্ত্র মজুত করলেও এ বিষয়ে সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত কোনো দল কর্মসূচি পালন করতে চাইলে তা প্রতিহত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, এ দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আগের তুলনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং এর প্রতিবাদেই ১১ দলীয় জোট ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।