মালয়েশিয়ায় চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত থেরাপি গ্রহণ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। থেরাপি চিকিৎসায় তিনি এখন উন্নতির দিকে আছেন।
তবে চিকিৎসায় উন্নতি হলেও তার দেশে ফিরতে আরও বেশ কিছুদিন দেরি হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ তথ্য জানিয়ে শায়রুল কবির খান বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের এই সদস্য জানান, পরে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। সেখানে বর্তমানে মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তবে, বাংলাদেশে আসতে আরও কিছু দিন সময় লাগবে।