সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, সংকটে, শোকে মাথার ওপর যেমন ছায়া থাকে, আজ পুরো জাতি সেই ছায়া হারিয়ে ফেললো। এই শোকের ভাষা হয় না। এই শোক ও সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য মুশকিল। চোখের সামনে সন্তানের লাশ দেখেও দেশ ও দেশের মানুষের জন্য আপস না করে দেশে থেকে সংগ্রাম করেছেন বেগম জিয়া। বারবার হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি লড়ে গেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয়সহ সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ৭ দিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ৭ দিন কোরআন খতম চলবে। গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। জানাজা ও দাফন পরবর্তীকালে জানানো হবে।
এছাড়া, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়।