আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতসংক্রান্ত একটি প্রশ্নের জবাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জামায়াতে ইসলামীর আমির। ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ব্যাখ্যা দেন।
জামায়াত আমির জানান, রয়টার্সের একজন সাংবাদিক জানতে চান—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না।
এর জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও তার কথা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, ওই সাক্ষাতের সময় তিনি তাদের জানিয়েছিলেন—যত কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সবার বিষয়েই তারা প্রকাশ্যে জানিয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের এই সাক্ষাৎও তারা পাবলিসিটিতে দিতে চায়। তবে তখন ওই কূটনীতিকরা সেটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন, তাদের জানিয়ে দেওয়া হয়েছিল ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হলে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তিনি বিস্মিত যে দেশের কিছু গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।