বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক- গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, কর্মসূচি ঘোষণা হলো। ইসির অনুরোধে শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম।’
তিনি বলেন, ‘ইসি ও একটি রাজনৈতিক দল মনে করেছে এটা আমাদের দুর্বলতা। নাহ্. . এটা আমাদের ভদ্রতা। তারপর থেকে ইসি এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে।’
তিনি আরও বলেন, ‘তারা সুযোগ খুঁজছে। কিন্তু আমরা কোনো সুযোগ দেব না। যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।