নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে থিম-সং উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘ভোট দিবো কিসে; ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’-সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের ‘১৯ দফা’ ও খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।
তিনি বলেন, ‘ধানের শীষ’ নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে। সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।
বিএনপির এ সিনিয়র নেতা মন্তব্য করে বলেন, ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে শুরু নির্বাচনী প্রচার-প্রচারণা।