ঢাকা-১১ আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেছেন, ১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।
এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতিও দেন তিনি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।
বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা থেকে গণমিছিলে নেতৃত্ব দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।