ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ‘এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু ভোট দেওয়ার শেষ সময় ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসীদের জন্য যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ও প্রক্রিয়াটি সহজতর করতে এই সময়সীমা আরও অন্তত এক সপ্তাহ বাড়ানোর জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অনেক ক্ষেত্রেই এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রবাসীদের জন্য এবারই প্রথম পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে অনেক প্রবাসী ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।