বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এ অভিযোগ তোলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও, সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রশাসন-নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে। বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়।’
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে বলে দাবী করেন তিনি।
এ ছাড়া, সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশাধিকার দেওয়ার দাবিও জানান তিনি। এ সময়, গণভোটের প্রচারণায় ২৭০ আসনে প্রতিনিধির নাম ঘোষণা করে এনসিপি। ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনে দলটি ৩০ জেলায় সফর করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।