নির্বাচনী প্রচার-প্রচারণায় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকার বাড্ডায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচার শেষে বিএনপিকে উদ্দেশ করে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি, যে দলের পক্ষ থেকে এগুলো (আক্রমণ) করা হচ্ছে, সামনে তারা এটি আরও বাড়াবে। কারণ জনগণের ওপর তাদের ভরসা কম। যেহেতু ১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে, তাদের প্রতিদন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে।’
এ ছাড়া মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর যে ডিম নিক্ষেপের যে ঘটনাকে এনসিপি হামলা বলে দাবি করছে, সেটিকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়েছে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় দেশব্যাপী ১১ দলীয় জোটের নারী কর্মীদেরও আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি এনসিপির এই নেতা অভিযোগ করেন, ‘আর এ ধরনের আক্রমণের ঘটনায় যখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন এটিকে আমরা আর লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না।’
এখন এক ধরনের পেশিশক্তি দিয়ে আধিপত্য বিস্তারের এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট করছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা তাদের বলে আসছি যে এটা চললে একপাক্ষিক নির্বাচন হবে। এখনই না থামানো গেলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।’