বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দল স্বচ্ছ নির্বাচন চায়। ঢাকা ৮ আসনে কেউ এমন কিছু করতে চাচ্ছে যাতে সারাদেশের ভোট বন্ধ হয়ে যায়। তবুও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে আছি। কিন্তু আমাদের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। পাশাপাশি কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে। কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, প্রশংসা করো।’
তিনি বলেন, ‘এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ বলে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে, অথচ ১৭ বছর আমরা কী পরিমাণ ত্যাগ করেছি। শেখ হাসিনা পালানোর পর আমাদের যেই রকম ভালো থাকার কথা ছিলো, সেই রকম ভালো আমরা নেই। কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পারেনি।’
বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, ‘একটা দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে। এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।’
এসময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব করা হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটের পর যদি ১২ ঘন্টার বেশি ফল দিতে দেরি করে, সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য ভোটের আগে দরকার হলে আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার আগে কোন পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।’