জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন সিনিয়র নেতার এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়া ছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনের খবর গণমাধ্যমে যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়।
শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ (রবিবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
তবে ওই স্বল্প সময়ের মধ্যে দেওয়া পোস্টটি স্ক্রিনশট ও কপি করে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এ ধরনের অপপ্রচার বন্ধ এবং দায়ীদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ কারণে শনিবার মধ্যরাতেই হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।