ঢাকা-১৩ আসনের জামায়াতের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে ফলাফল যাই হোক মেনে নেবো। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সাত মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এরপর কেন্দ্রের বাইরে বেরিয়ে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি পরিবেশের কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে কোনো কৃত্রিম সংকট যদি তৈরি করা না হয় স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ফলাফল যাই হোক সেটা মেনে নেবো।
রাতে অনেক ধরনের গুজব হয়েছে এবং অনিয়ম হয়েছে বিভিন্ন জায়গায় আপনার এলাকায় এই ধরনের কোনো সংবাদ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ঢাকা-১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়মের সংবাদ কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছি। আমরা সে বিষয়টি যাচাই যাচাই করার সুযোগ পাইনি। তবে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।