ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।
ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এখন নিজের সংসদীয় এলাকায় কেন্দ্র পরিদর্শনে যাবেন। বাসার সীমানা ঢাকা-১১ আসনে হওয়ায় ব্যালট পেপারে নিজের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তাসনিম জারা।
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তিনি।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেশ আলোচনা আছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা।
খিলগাঁও চৌধুরীপাড়ার একাংশ থেকে বাড্ডা হয়ে ভাটারা পর্যন্ত ঢাকা-১১ আসন। অন্যদিকে, খিলগাঁওয়ের কিছু অংশ, মুগদা, সবুজবাগ ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯।
ইসির ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। তিনি আগে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় থাকতেন। সেখান থেকে ভোটার হন। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনি আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হয়।