বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে অনেক বেশি প্রাণহানি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এবার তা হয়নি। শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে নির্বাচনী ফলাফলে দলটি পুরোপুরি সন্তুষ্ট নয়।
তিনি বলেন, দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি জোট বিজয়ী হয়েছে। জনগণ তাদের রায় জানিয়েছে, জনগণের প্রতি কৃতজ্ঞতা। এর মাধ্যেমে আগামী ৫ বছর জনগণের কল্যাণের দায়িত্ব তারেক রহমান ও তার জোটের ওপর অর্পিত হয়েছে।
তিনি আরও বলেন, ভোট না দিতে দিতে জনগণের ভোট না দেওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল। আশা করি, ভবিষ্যতে মানুষকে আরও নির্বাচনমুখী করতে পারব। ধারণা ছিল সব প্রার্থীই জিতবে, এই আশা সবাই করে। যাই হয়েছে, আগামীতে আমাদের ফলাফল আরও ভালো হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, কারণ দেশের মানুষ গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ ব্যাপারে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ফলাফল নিয়ে সন্তুষ্টির ব্যাপারে নজরুল ইসলাম খান বলেন, কোন ব্যাপারে কি কিউ শতভাগ সন্তুষ্ট হয়? শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি সন্তুষ্ট আমরা। এর আগের নির্বাচনে অনেক বেশি প্রাণহানি হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, আল্লাহর মেহেরবানিতে এবার সেটি হয়নি।