আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যাগরিষ্ঠ ভোটার গণভোটের পক্ষে রায় দিয়েছেন এবং এটি বাস্তবায়ন করতে হবে। যারা সরকার গঠন করবেন, দায়িত্ব তাদের; প্রয়োজনে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে, অন্যথায় দায়িত্বশীল আন্দোলন অব্যাহত থাকবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের আয়োজনে সংবাদ সম্মেলন তিনি হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই ন্যায় ও ইনসাফের পথে থাকতে হবে, অন্যথায় এর দায় তাদেরকেই নিতে হবে। তিনি জামায়াতের দেশভক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখাই দলের মূল লক্ষ্য। ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এই স্লোগান তুলে ধরেন, যেখানে কেউ রাজা নয়, কেউ প্রজা নয়; সবাই সংবিধানের অধীনে সমান অধিকারভোগী।
ডা. শফিকুর রহমান অতীতের ফ্যাসিবাদের স্মৃতি তুলে ধরে সতর্ক করে বলেন, সেই কালো অধ্যায় পুনরায় ফিরে এলে জামায়াত প্রতিরোধ গড়ে তুলবে। ফ্যাসিবাদের অধীনে কখনো গণতন্ত্র বিকশিত হতে পারে না। দেশের তরুণ সমাজ রক্ত দিয়ে যে আমানত রেখে গেছে, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নারী সমাজের অধিকার ও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। তিনি নির্বাচন-পূর্ব ও পরবর্তী সহিংসতা, অনিয়ম ও কারচুপির তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিকার পাওয়ার অধিকার থেকে জামায়াত কখনো সরে আসবে না।