কানাডার মন্ট্রিয়াল শহরে নাগরিক টিভির মন্ট্রিয়াল স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর ‘নাগরিক সংগীত সন্ধ্যা’। সংগীতপ্রেমী ও মন্ট্রিয়ালের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাউলশিল্পী ফকির শাহাবুদ্দিন। তার হৃদয়ছোঁয়া ও মন মাতানো বাউল গানের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। তার সংগীতে তবলায় চমৎকার সংগত করেন রুপু আলম।
এছাড়া মন্ট্রিয়ালের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইসলাম তার সুরেলা কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করেন। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন- মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জয়নাল আবেদীন এবং লুফুর রহমান। তাদের পরিবেশনাও অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সংগীত, সৌহার্দ্য ও সাংস্কৃতিক আবহে ভরপুর এ আয়োজনটি উপস্থিত সবার জন্য ছিল এক আনন্দঘন ও স্মরণীয় সন্ধ্যা। এক কথায়, ‘নাগরিক সংগীত সন্ধ্যা’ ছিল আকর্ষণীয়, উপভোগ্য এবং প্রবাসে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত উদযাপন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল নাগরিক প্রতিদিন।