হজযাত্রা শুরুর পর গত চার দিনে বাংলাদেশ থেকে মোট ২৩ হাজার ৩৭২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।
এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, হজযাত্রার চতুর্থ দিন বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৫৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। এদের মধ্যে ৩০টি প্রধান, ৬৩০টি সমন্বয়কারী এজেন্সিসহ মোট ৬৬০টি বেসরকারি এজেন্সি হজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসেরর ২১টি ফ্লাইটে আট হাজার ৬৭৪ জন, সৌদি এয়ারলাইনসের ১২১টি ফ্লাইটে আট হাজার ২৪৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে ছয় হাজার ৪৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
পরিচালক জানান, বাকি ৫৪ হাজার ৯০৪ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এবার মোট চার হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।