দেশের আকাশে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা। সে অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও দিনটিকে সাধারণ ছুটি হিসেবে রাখা হয়েছিল। তবে ঈদে মিলাদুন্নবীর ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত তারিখই বহাল থাকছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কিয়ামের আয়োজন করা হয়। মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও সীরাত নিয়ে আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের আয়োজনও করা হয়।
অনেক মুসল্লি এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আযকারের মাধ্যমে ইবাদতে সময় কাটান। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পাঠ করা হয় দরুদ ও সালাম।
এ ছাড়া বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে ইসলামের শান্তি, মানবতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।