মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করতে মিসরে কোরআনবিষয়ক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের পুরস্কার জিতেছেন মিনা নামে এক খ্রিস্টান যুবক।
জানা গেছে, মিসরের ইসলামী আলোচক ড. আইমান আবু ওমরের পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি লাইভ অনুষ্ঠান দেখতে গিয়ে মিনা জানতে পারেন, তার মুসলিম প্রতিবেশী উম আলী বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেতে ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্নের কথা জানতে পেরে মিনাও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
মিনা বলেন, ‘আমি খ্রিস্টান। কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম আমার প্রতিবেশীকে ওমরাহর পুরস্কারটি নিতে সহায়তা করার জন্য।’
প্রতিযোগিতার শুরুতেই তিনি উম আলীকে জানিয়েছিলেন, তিনি নিজেও অংশ নেবেন। উম আলী পুরস্কারটি জিততে না পারলে তার হয়ে তিনি বিজয়ী হওয়ার চেষ্টা করবেন।
পুরস্কার জেতার জন্য মিনা ৫০ থেকে ৬০ বারের বেশি সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয় এবং তিনি বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ জিতে নেন। পরে সেই পুরস্কার তার মুসলিম প্রতিবেশী উম আলীকে দেওয়ার উদ্যোগ নেন তিনি।
উম আলী বলেন, প্রতিযোগিতায় মিনার অংশগ্রহণ সবার নজর কেড়েছিল। পরে যখন তিনি জানতে পারেন, তার জন্য ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হয়েছে, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি জানান, ওমরাহ পালন তার দীর্ঘদিনের স্বপ্ন। শারীরিকভাবে ভ্রমণ ও স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার সক্ষমতা থাকা অবস্থায় পবিত্র এই সফরে যাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রার্থনা করে আসছিলেন।
মিনা বলেন, সুখবরটি জানানোর পর তিনি উম আলীকে চোখের পানি মুছতে দেখেন। তার ভাষায়, ‘আমি জানতাম না, ওমরাহ এতটা আনন্দের কারণ হতে পারে।’
জানা গেছে, দুই পরিবারের মধ্যে দুই দশকেরও বেশি সময়ের প্রতিবেশী সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্ক এখন সাধারণ প্রতিবেশীর সম্পর্ক ছাড়িয়ে পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে। খ্রিস্টান হলেও মিনা উম আলীকে নিজের বড় বোনের মতো মনে করেন এবং তার মা-বাবাকেও পরিবারের সদস্যের মতো সম্মান ও ভালোবাসা করেন।
ঘটনাটি মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মুসলিম ও খ্রিস্টান প্রতিবেশীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে অনেকেই মিনার এই উদ্যোগের প্রশংসা করেছেন।