এ বছরের ১২ আগস্ট বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবেন। এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলো সাময়িকভাবে আড়াল করবে, ফলে পৃথিবীর কিছু অংশে দিনের বেলায় অন্ধকার নেমে আসবে। নাসার তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেয় এবং তার ছায়া পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের ওপর পড়ে।
তবে এই গ্রহণ বিশ্বের সব জায়গা থেকে একইভাবে দেখা যাবে না। ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের কেবল একটি অংশ আড়াল হবে।
অন্যদিকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন ও উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ওই সময় সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ায় আকাশ কয়েক মুহূর্তের জন্য অন্ধকার হয়ে যাবে।
২০২৬ সালের এই গ্রহণ ইউরোপের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মূল ভূখণ্ডের স্পেনে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেন, ‘পূর্ণ সূর্যগ্রহণ এমন একটি বিরল মুহূর্ত, যখন লাখো মানুষ একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহল অনুভব করতে পারে। এটি আমাদের মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করে এবং অনুসন্ধান ও জ্ঞানার্জনের মানবিক আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দেয়।’
পূর্ণ গ্রহণের সরু ছায়াপথ আর্কটিক অঞ্চল অতিক্রম করে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও উত্তর স্পেনের ওপর দিয়ে যাবে। গ্রিনল্যান্ডে পূর্ণ গ্রহণ স্থায়ী হবে দুই মিনিটের কিছু বেশি। উত্তর স্পেনের কিছু এলাকায় এটি মাত্র ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে।
গ্রহণ দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবহাওয়া। গ্রহণের ছায়া স্পেনের গালিসিয়া অঞ্চল ও বালেয়ারিক দ্বীপপুঞ্জ অতিক্রম করবে সূর্যাস্তের সময়, ফলে দিন থেকে রাতের রূপান্তর আরও নাটকীয় হয়ে উঠবে।
যারা পূর্ণ গ্রহণের পথের বাইরে থাকবেন, তাদের জন্য স্পেনের এস্ট্রোফিজিক্যাল অবসারভেটরি অব জাভালাম্ব্রে থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে ইউরোপীয় মহাকাশ সংস্থা।
২০২৭ সালে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
এর ঠিক এক বছর পর, ২০২৭ সালের ২ আগস্ট পৃথিবীবাসী দেখতে পাবে একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। স্থলভাগ থেকে দৃশ্যমান এই গ্রহণ সর্বোচ্চ ছয় মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। এই সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে দেবে এবং দিনের আলো অনেকটা রাতের মতো অন্ধকারে পরিণত হবে।
তথ্যসূত্র: গালফ নিউজ