কনটেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে নতুন ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপ চালু করেছে ফেসবুক। অ্যাপটিতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত ক্রিয়েটর সহকারী, যা ক্রিয়েটরদের কনটেন্ট পরিকল্পনা, পারফরম্যান্স বিশ্লেষণ ও দর্শকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দেবে।
নতুন এই এআই সহকারী একজন ক্রিয়েটরের কনটেন্টের ধরন, আগের পোস্টের পারফরম্যান্স, দর্শকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে। ক্রিয়েটররা সরাসরি এআইকে প্রশ্ন করে জানতে পারবেন, কোন সময়ে পোস্ট করলে বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, দর্শকেরা কমেন্টে কী বলছেন কিংবা কোন ধরনের কনটেন্ট ভালো পারফর্ম করছে।
শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এআই সহকারী। প্রয়োজন অনুযায়ী ক্রিয়েটরকে পরবর্তী প্রশ্ন করেও কনটেন্ট নিয়ে আরও কার্যকর পরামর্শ দিতে পারবে।
কমেন্ট ব্যবস্থাপনাতেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। এআই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আলাদা করে দেখাবে এবং ক্রিয়েটরের লেখার ধরন অনুসরণ করে সম্ভাব্য উত্তর তৈরি করবে। তবে উত্তর প্রকাশের আগে সেটি সম্পাদনা ও অনুমোদনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ক্রিয়েটরের হাতে।
অ্যাপটি প্রতিদিন খুললে ‘দৈনিক অগ্রাধিকার’ নামে একটি অংশে সর্বশেষ পোস্টের ফলাফল, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং যেসব কমেন্টের উত্তর দেওয়া প্রয়োজন—এসব গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে দেখা যাবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আপাতত অ্যাপটি আইওএস ব্যবহারকারী ক্রিয়েটরদের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু করা হয়েছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে নির্বাচিত কিছু ক্রিয়েটরের মাধ্যমে অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার করা হয়।
টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে নতুন এই উদ্যোগের মাধ্যমে ফেসবুকে ক্রিয়েটরদের আরও সক্রিয় রাখার পাশাপাশি তাদের কনটেন্ট তৈরির অভিজ্ঞতা উন্নত করতে চায় মেটা। একই সঙ্গে ক্রিয়েটররা যাতে তৃতীয় পক্ষের এআই টুলের পরিবর্তে মেটার নিজস্ব এআই সুবিধা ব্যবহার করেন, সেই লক্ষ্যেও এগোচ্ছে প্রতিষ্ঠানটি।