সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ওয়ান-ইলেভেন ইস্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওই সময়ের প্রধান ক্রীড়নক হিসেবে অভিযুক্ত মাসুদ চৌধুরীর গ্রেপ্তার বর্তমান সরকারের জন্য একটি ভালো সূচনা হলেও এখানেই থেমে থাকলে চলবে না।
তিনি উল্লেখ করেন, ওয়ান-ইলেভেন-এর আদ্যোপান্ত তদন্তের পাশাপাশি ২০০৮ সালের নির্বাচন নিয়েও অনুসন্ধান হওয়া উচিত।
ফারুকীর ভাষ্য অনুযায়ী, ওয়ান-ইলেভেন দেশের পরবর্তী নানা সংকটের ভিত্তি তৈরি করেছে। গুম, বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর অভিযান, নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও সাম্প্রতিক সহিংসতার মতো ঘটনাগুলোর পেছনে ওই সময়ের প্রভাব রয়েছে।
এ ছাড়া তিনি বলেন, একটি ট্রমা-আক্রান্ত জাতির সামনে এগিয়ে যেতে হলে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে ইতিহাসকে বিভিন্নভাবে ডকুমেন্টেশন, রিপোর্ট বা মিউজিয়ামের মাধ্যমে সংরক্ষণ।
ফারুকী সতর্ক করে বলেন, এসব কাজ অসমাপ্ত রেখে সব ভুলে যাওয়ার প্রবণতা বিপজ্জনক হতে পারে। এতে একদিকে অপরাধীরা উৎসাহিত হয়, অন্যদিকে বিচারহীনতার ক্ষোভ মানুষের মধ্যে থেকে যায়।