মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার রদ্রিকে দলে রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তবে আগামী গ্রীষ্মের দলবদলে পাল্টে যেতে পারে তার ভবিষ্যৎ। ইউরোপীয় ফুটবলে জোর গুঞ্জন, ২০২৪ সালের ব্যালন ডি’ওর জয়ীকে দলে ভেড়াতে আগ্রহী তার স্বদেশের দুই জায়ান্ট - বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
জার্মান ক্রীড়া পত্রিকা বিল্ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই স্প্যানিশ ক্লাবই রদ্রিকে দলে নিতে আগ্রহী। যদিও সিটি স্পষ্ট করে দিয়েছে, রদ্রিকে নিয়ে কোনো প্রস্তাব শুনতেই রাজি নয় তারা।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, রদ্রি ভবিষ্যতেও ক্লাবে থাকবেন কি না। উত্তরে তিনি আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন।
গার্দিওলা বলেন, তিনি চান রদ্রি সিটিতেই থাকুক। তার ভাষায়, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রদ্রি আরও পরিণত হচ্ছেন, খেলাটা আরও ভালোভাবে বুঝতে শিখছেন।’ তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, গার্দিওলা কি শেষ পর্যন্ত রদ্রিকে ধরে রাখতে পারবেন?
আরেকটি প্রশ্নও সমানভাবে গুরুত্বপূর্ণম, গার্দিওলা নিজেই কি সিটিতে থাকবেন? আগামী গ্রীষ্মে রদ্রি ও গার্দিওলা দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিভিন্ন সময়েই গার্দিওলার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা গেছে। শেষ পর্যন্ত যদি সফল এই কোচ অন্যত্র পাড়ি জমান, তাহলে রদ্রির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ব্যালন ডি’ওর জয়ের পর অবশ্য সময়টা ভালো যাচ্ছে না রদ্রির। চোটের কারণে গত মৌসুমে অধিকাংশ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এরপর চলতি মৌসুমের ফর্মের অধারাবাহিকতায় বেশ কিছু ম্যাচে মূল একাদশে জায়গা হারান তিনি।