টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মরণীয় অভিযান শেষ হওয়ার পরই নতুন বিতর্কে জড়িয়েছে ইতালিয়ান ক্রিকেট। দেশটির ক্রিকেট ফেডারেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের এক ক্রিকেটার।
অভিযোগের কেন্দ্রে আছেন নারী ক্রিকেট সমন্বয়ক প্রবাথ একনেলিগোদা। ইতালির ক্রিকেট ফেডারেশন তাকে সাময়িক বরখাস্ত করেছে। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ে তদন্তাধীন।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, সভাপতির নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০২৫ সাল পর্যন্ত সব ধরনের ফেডারেল দায়িত্ব ও কার্যক্রম থেকে তাৎক্ষণিকভাবে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে বোর্ড জানিয়েছে, ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং যথাযথ প্রক্রিয়ায় তদন্ত নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে ব্যক্তিগত মর্যাদা, ন্যায়বিচার এবং ‘নির্দোষের ধারণা’ নীতির কথাও উল্লেখ করা হয়।
এদিকে বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একনেলিগোদার আইনজীবী অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এর পেছনে ‘ভিন্ন উদ্দেশ্য’ থাকতে পারে বলে দাবি তুলেছেন। তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে।
বরখাস্তাদেশ কার্যকর থাকলেও ইতালির মিডিয়া ম্যানেজার রাকবির হাসান নিশ্চিত করেছেন, একনেলিগোদা টি-টোয়েন্টি বিশ্বকাপে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না; বোর্ড সভাপতি মারিয়া লোরেনা হাজ পাজের সফরসঙ্গী হিসেবে ভারতে গিয়েছিলেন।
মাঠের পারফরম্যান্সে অবশ্য ইতালির পুরুষ দল প্রশংসা কুড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১০ উইকেটের জয় এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২৪ রানে হার; দুই ম্যাচেই লড়াকু মানসিকতা দেখিয়েছে তারা। সুপার এইটে উঠতে না পারলেও প্রথম অংশগ্রহণেই ইতালির উপস্থিতি ছিল আলোচনায়।