ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে শিরোপা জেতা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে। তবে চূড়ান্ত প্রস্তুতির মাঝেই সম্ভাব্য এক প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে চান না তিনি।
জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে খোলামেলা কথা বলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের স্মৃতি টেনে মেসি বলেন, ম্যাচটির গুরুত্ব ছিল অনেক বেশি। কারণ সেই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো আর্জেন্টিনাকে।
মেসির ভাষ্য, ‘বড় টুর্নামেন্টে তাদের প্রায়ই মেক্সিকোর সঙ্গে দেখা হয়, অনেক সময়ই ডু অর ডাই পরিস্থিতিতে।’ এরপর তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল। আগেভাগে বিদায়ের আশঙ্কা দলকে মানসিকভাবে চাপে রেখেছিল।
মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। তার মতে, বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশলের কারণে মেক্সিকো যেকোনো শক্তিশালী দলকে বিপাকে ফেলতে পারে।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার কারণে মেক্সিকো পাবে বাড়তি সমর্থন ও পরিচিত পরিবেশের সুবিধা, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। মেসির মন্তব্য, নিজেদের মাঠে খেলার প্রভাব থাকেই ভালো বা খারাপ। সে কারণেই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
প্রসঙ্গত, আসন্ন আসরের গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। গ্রুপ ‘এ’-তে রয়েছে মেক্সিকো। অন্যদিকে গ্রুপ ‘জে’-তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।