চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে বড় প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। পাকিস্তান দলে যেমন এসেছে সুখবর, তেমনি কয়েকজন তারকা ক্রিকেটারের অবস্থান নেমেছে নিচের দিকে।
সবচেয়ে বড় সুখবর ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে। ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তিনি দুই ধাপ এগিয়ে উঠে এখন ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। তার সামনে দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা, যদিও এবারের বিশ্বকাপে এখনো বড় ইনিংস খেলতে পারেননি ভারতীয় এই ওপেনিং ব্যাটার।
তবে পাকিস্তানের অন্য ব্যাটারদের জন্য খবরটা স্বস্তিদায়ক নয়। ওপেনার সাইম আইয়ুব তিন ধাপ নেমে আছেন ৩৪তম স্থানে। সাবেক অধিনায়ক বাবর আজম এক ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে, বর্তমান অধিনায়ক সালমান আলি আঘা আছেন ৩৮তম স্থানে এবং ফখর জামান নেমে গেছেন ৮৮ নম্বরে।
বোলারদের তালিকায়ও এসেছে রদবদল। স্পিনার আবরার আহমেদ দুই ধাপ নেমে এখন পঞ্চম স্থানে (৭১২ রেটিং পয়েন্ট), মোহাম্মদ নেওয়াজ তিন ধাপ পিছিয়ে ১২তম স্থানে। তবে পেসার সালমান মির্জা এক ধাপ এগিয়ে ১৮তম এবং শাহীন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছেন।
সবচেয়ে বড় চমক দেখিয়েছেন উসমান তারিক। তিনি এক লাফে ৫৯ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে। অন্যদিকে সুফিয়ান মুকিম ১০ ধাপ নেমে ৬০তম এবং শাদাব খান ১০ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে রয়েছেন। সাইম আইয়ুব বোলারদের তালিকায়ও ১১ ধাপ নেমে ৬৬তম স্থানে। হারিস রউফ পাঁচ ধাপ পিছিয়ে এখন ৮১তম।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।