মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব এবার আন্তর্জাতিক ক্রিকেটেও পড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথা থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সীমিত ওভারের সিরিজ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়।
সূচি অনুযায়ী আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে সিরিজ আয়োজন নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তারপর ইরানের পক্ষ থেকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
এখনও পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিতের ঘোষণা দেয়নি। তবে নিরাপত্তা বিবেচনায় আপাতত সিরিজটি স্থগিত রাখার দিকেই ঝুঁকছে দুই পক্ষ। বিকল্প ভেন্যুতে সিরিজ আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে। কিন্তু অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা করা কঠিন হওয়ায় সেটিও অনিশ্চিত বলে মনে করা হচ্ছে।
সূচি অনুযায়ী প্রথমে শারজাহতে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। ১৩, ১৫ ও ১৭ মার্চ সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
এর মধ্যেই আফগানিস্তান দলে নেতৃত্বেও পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রশিদ খানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে। তার নেতৃত্বে এটিই হওয়ার কথা ছিল আফগানিস্তানের প্রথম সিরিজ।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের আরও কিছু সূচিতে পড়েছে। গত সপ্তাহে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ছয়টি ম্যাচ স্থগিত করতে হয়েছে, যেখানে অংশ নেওয়ার কথা ছিল নেপাল, আরব আমিরাত ও ওমানের।