ল্যাটিন বা দক্ষিণ আমেরিকান ফুটবলে মাঠ ও গ্যালারির উত্তেজনা নতুন কিছু নয়। তবে ব্রাজিলে অনুষ্ঠিত ক্যাম্পেওনাতো মিনেইরোর ফাইনালে যা ঘটল, তা যেন অতীতের ইতিহাস ও নাটকীয়তার সবকিছুকে ছাড়িয়ে গেল। ক্রুজেইরো ও অ্যাতলেটিকো মিনেইরোর ফাইনালে খেলোয়াড়দের মিনিটখানেক ধরে একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারার পর রেফারি পকেট থেকে বের করলেন ২৩টি লাল কার্ড, ফুটবল ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড!
ম্যাচের শেষ মুহূর্তে ক্রুজেইরোর ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় সংঘর্ষ হয় স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেটিকোর গোলরক্ষক এভারসনের মধ্যে। এভারসন ক্ষিপ্ত হয়ে ক্রিস্টিয়ানকে টেনে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসে ক্ষোভ ঝাড়তে থাকেন। পরিস্থিতি শান্ত করতে রেফারি এগিয়ে আসলেও, ক্রুজেইরোর এক খেলোয়াড়ের ধাক্কায় এভারসন গোলপোস্টে আঘাত পান। এরপরই শুরু হয় দুই দলের খেলোয়াড়দের মারামারি, যেখানে বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও যুক্ত হন। নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে প্রায় দশ মিনিটের জন্য বন্ধ রাখা ম্যাচে শান্তি ফেরে।
ম্যাচ শেষে জানা যায়, রেফারি ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। এর মধ্যে অ্যাতলেটিকোর ১১ জন এবং ক্রুজেইরোর ১২ জন খেলোয়াড় রয়েছেন। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্কও লাল কার্ড পান। এই ঘটনায় ১৯৫৪ সালের ২২টি লাল কার্ডের ৭২ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে যায়।