ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগেই শক্তির দাপট দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। ইতালির ক্লাব আটালান্টার বিপক্ষে একপেশে ম্যাচে ৬-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বাভারিয়ানরা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জার্মান ক্লাবটি।
শুরু থেকেই ম্যাচের ছন্দ নিজেদের দখলে নেয় বায়ার্ন। বল দখল থেকে শুরু করে আক্রমণ গড়া; সব ক্ষেত্রেই এগিয়ে ছিল তারা। হ্যারি কেইনকে ছাড়াই ধারাবাহিক আক্রমণে আটালান্টার রক্ষণভাগকে বেশ চাপে রাখে জার্মান দলটি। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন। সার্জি গ্যানাব্রির পাস ধরে বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসিপ স্টানিসিচ। এরপর ২২ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। তিন মিনিট পর আবারও আক্রমণে উঠে গোল করেন গ্যানাব্রি, ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধেও থামেনি তাদের গোলের ধারা। ম্যাচের ৫২ মিনিটে লুইস দিয়াজের পাস থেকে স্কোরশিটে নাম তোলেন নিকোলাস জ্যাকসন। এরপর ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। আলফনসো ডেভিসের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। এরপর বদলি নেমেই গোল পান জামাল মুসিয়ালা। নিকোলাস জ্যাকসনের বাড়ানো বল আলতো স্পর্শে জালে জড়িয়ে ব্যবধান ৬-০ করেন তরুণ এই মিডফিল্ডার।
ম্যাচের শেষ দিকে গিয়ে সান্ত্বনার গোল পায় আটালান্টা। যোগ করা সময়ে মারিও পাসালিচ গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৬-১। পরিসংখ্যানেও ম্যাচে বায়ার্নের আধিপত্য স্পষ্ট। পুরো ম্যাচে আটালান্টার বল দখল ছিল ৩০ শতাংশেরও কম। তারা আটটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি। বিপরীতে বায়ার্ন ২৫টি শট নেয়, যার ১৩টিই ছিল লক্ষ্যে।
এমন বড় ব্যবধানে হারের পর কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ আটালান্টার। দ্বিতীয় লেগে তারা খেলবে বায়ার্ন মিউনিখের মাঠে, ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।