চার মাসের দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সবশেষ ডিসেম্বরে মাঠে নামার পর নানা কারণে আন্তর্জাতিক সূচি থেকে বাইরে ছিল টাইগাররা। মাঝখানে একটি বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও জটিলতার কারণে সেটিও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
অবশেষে বিরতির ইতি টেনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আবার মাঠে নামছে বাংলাদেশ। তবে এই সিরিজ শুরুর আগেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা থেকে সিরিজ বাতিল হওয়ার গুঞ্জনও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে দুই দলের লড়াই।
এই সিরিজে দলীয় কৌশলেও কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। নিয়মিত টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে এবার মিডল অর্ডারে নামানোর পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার সমাধান খুঁজতেই এই ভাবনা। বিস্ময়ের বিষয় একই কারণে দলে ফিরেছেন আফিফ হোসেনও!
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে স্পিন নির্ভর কৌশল অবলম্বন করেছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সেই পরিকল্পনা বদলাতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। একাদশে দুই পেসার হিসেবে দেখা যেতে পারে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে আজ দুপুর ২ টা বেজে ১৫ মিনিটে।