বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষণ) ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। শুক্রবার রাতে ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন শামিমা সাত্তার মিমু। মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দিনাজপুরে বাবার কবরের পাশে দাফনের জন্য ঢাকার বাসভবন থেকে সেখানে নেওয়া হয়েছে।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও দায়িত্ব পালন করেন। খেলোয়াড় জীবনের পর প্রশিক্ষক ও বিচারক হিসেবেও দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা, কোচ ও অ্যাথলেটরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণ করা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।