যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যেকোনো উপায়েই হোক, আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং দখলমুক্ত করব!’
শনিবার (১৪ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ট্রাম্প লিখেছেন, তিনি আশা করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য ওই গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে এটি ইরানের পক্ষ থেকে আর কোনো ‘হুমকি’ হয়ে না দাঁড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করেন, এই গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটিকে ‘উন্মুক্ত ও নিরাপদ’ রাখতে অনেক দেশই যুদ্ধজাহাজ পাঠাবে।
‘সেই সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ‘উপকূলরেখায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাবে এবং সমুদ্রের বুক থেকে একের পর এক ইরানি নৌকা ও জাহাজ ধ্বংস করতে থাকবে,’ যোগ করেন ট্রাম্প।
পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ‘সামরিক সক্ষমতার ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে’।
তবে তিনি এও স্বীকার করেন, তা সত্ত্বেও ইরানের পক্ষে ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ‘সহজ’।
এর প্রতিক্রিয়ায় জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি বলেন, তেহরানের সক্ষমতা ‘ধ্বংস করার’ ট্রাম্পের দাবি ‘মনগড়া মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি।’
তথ্যসূত্র: বিবিসি